৬ মাসের মধ্যে আইপিভি-সিক্স ২০ শতাংশে উন্নীত করার প্রত্যাশা

১০ জানুয়ারি, ২০২০ ২৩:২০  
আগামী ৬ মাসে আইপিভি-সিক্স ০.১ থেকে ২০ শতাংশে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন বিডিনগ ট্রাস্টি বোর্ড। বিডিনগ (বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ) এর আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) সমুদ্র শহর কক্সবাজারের লং বিচ হোটেলে শুরু হওয়া একাদশ বিডিনগ সম্মেলনে এমন প্রত্যাশা করেন বক্তারা। সম্মেলনে ও কর্মশালায় ‘ইন্টারনেট অপারেশনাল টেকনোলজি’ নিয়ে আলোচনা ও একাধিক কারিগরি সেশন অনুষ্ঠিত হচ্ছে।  আগামী ১৪ জানুয়ারি শেষ হবে ৫ দিনের এই কর্মশালা। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের জন্য আইপিভি ৬ ডেপলয়মেন্ট অন মাইক্রোটিক এবং অ্যাডভান্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ চলছে। বিডিনগের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এফএম রাশীদ আমিনের সভাপতিত্বে ইন্টারনেট অপারেশনাল প্রযুক্তি নিয়ে আয়োজিত এই সম্মেলন ও কর্মশালার উদ্বোধন করেন সহআয়োজক সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক, বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমান, বিডিনগ ট্রাস্টি বোর্ডের সদস্য সুমন আহমেদ সাবির প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ইন্টারনেট এখন অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, সরকারি–বেসরকারি ই-সেবা, স্মার্ট সিটি, স্মার্ট হোমের মতো আরও অনেক নতুন নতুন সেবার ক্ষেত্রে বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার অনেক বেড়েছে। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর অবকাঠামো রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জ। ফলে ইন্টারনেটের প্রযুক্তিগত কাঠামো যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ বা প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ বাড়ানোর কোনো বিকল্প নেই। অপরদিকে দক্ষ নেটওয়ার্ক প্রকৌশলী তৈরিতে এই ধরনের আয়োজন আরো বেশি বেশি করার পাপাশি সকলকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক। বাংলাদেশে আইপিভি (ইন্টারনেট প্রটোকল ভার্সন)- ৬ এ খুবই খারাপ অবস্থায় আছে জানিয়ে সুমন আহমেদ সাবির বলেন, বাংলাদেশে আইপিভি-৬ ব্যবহারের হার মাত্র ০.১ শতাংশ। ভারতে এই হার ৬০ শতাংশ। আগামী ৬ মাসে এই হার আমরা ২০ শতাংশে নিয়ে যেতে চাই। অ্যাপনিকের আয়োজনে সম্মেলনে সহ-আয়োজক হিসেবে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।